Shafiul
অপরাধ সূত্র :
বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর মিরপুরে অবৈধভাবে নির্মিত ভবনের বর্ধিত অংশ উচ্ছেদে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক-এর মোবাইল কোর্ট। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে একাধিক ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে।
রাজউক সূত্রে জানা যায়, জোন-৩ এর উপ-জোন-২ এর আওতায় পরিচালিত এই মোবাইল কোর্টে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট লিটন সরকার, জোন-৩ এর পরিচালক হামিদুল ইসলাম এবং অথরাইজড অফিসার মাসুক আহমেদ। অভিযান পরিচালিত হয় ইব্রাহীমপুর ও মিরপুর সেকশন-২ এলাকায়।
অভিযানে ইব্রাহীমপুরে ৪টি এবং মিরপুর সেকশন-২ এ ২টি ভবনের অনুমোদনবিহীন বর্ধিত অংশ আংশিক ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে মোট ৫টি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডেসকোর কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ভবন মালিকদের কাছ থেকে অবশিষ্ট অবৈধ অংশ নিজ দায়িত্বে অপসারণের মুচলেকাও নেওয়া হয়।
এছাড়া, ইব্রাহীমপুর এলাকায় একটি ভবন রাস্তার মোড়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় জনস্বার্থে সেটির অংশবিশেষ ভেঙে দেওয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট লিটন সরকার বলেন, “এটি রাজউকের নিয়মিত কার্যক্রমের অংশ। ভবন নির্মাণে নিয়ম না মানলে অনুমোদন বাতিলসহ জেল-জরিমানার ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে অথরাইজড অফিসার মাসুক আহমেদ জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ-১ এর পরিচালক পলাশ সিকদার বলেন, “জনবল ও সরঞ্জামের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অবৈধ নির্মাণ নিয়ন্ত্রণে আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং তা আরও জোরদার করার চেষ্টা চলছে।”
অভিযানে রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।